পদোন্নতি পেয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে অধ্যাপক হলেন রাজবাড়ীর কৃতি সন্তান ডা. ইকবাল হোসেন

প্রাইম বার্তা অনলাইন
২৫ ডিসেম্বর ২০২৫ ১২:২৫ পিএম
পদোন্নতি পেয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে অধ্যাপক হলেন রাজবাড়ীর কৃতি সন্তান ডা. ইকবাল হোসেন

রাজবাড়ীর কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন চিকিৎসা ও একাডেমিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক (গ্রেড–৩) পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে কর্মরত। গত ২৪ ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ (পার–১ শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অধ্যাপক (সুপারনিউমারারি) পদে উন্নীত করা হয়।

ডা. মোহাম্মদ ইকবাল হোসেন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা। তিনি মো. আফজাল হোসেন ও মরহুমা হামিদা বেগম দম্পতির জ্যেষ্ঠ সন্তান। রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী হিসেবে তিনি শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচ থেকে ২০০২ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক। তার স্ত্রী ফারহানা শিপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

২৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। পরবর্তীতে যশোর সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করেন। তৃণমূল পর্যায়ে রাজবাড়ীর কালুখালী ও সদর হাসপাতালে দীর্ঘদিন জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) হিসেবে সেবা দেন।

একাডেমিক ক্ষেত্রে ২০১৬ সালে ফরিদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন ডা. ইকবাল হোসেন। ২০২৩ সালের জুনে তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে যোগদান করেন। সহযোগী অধ্যাপক হিসেবে যোগদানের মাত্র এক বছরের মধ্যেই ২০২৫ সালের ডিসেম্বরে তিনি অধ্যাপক পদে উন্নীত হলেন, যা তার কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই অর্জনে ডা. মোহাম্মদ ইকবাল হোসেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং জন্মভূমি রাজবাড়ীবাসীর কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...