ঈদুল ফিতর: ট্রেনের অগ্রিম ও ফিরতি টিকিট কিনবেন যেসব তারিখে
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ট্রেনের অগ্রিম ও ফিরতি টিকিট বিক্রির সূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে ঈদের আগের টিকিট বিক্রি। অন্যদিকে, ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ এবং চলবে ১৯ মার্চ পর্যন্ত। এবারও যাত্রীদের স্বার্থে সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী অগ্রিম বা ফিরতি—উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ চারটি করে টিকিট ক্রয় করতে পারবেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রয় করা হবে। এর মাধ্যমে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত যাত্রার টিকিট সংগ্রহ করা যাবে। অর্থাৎ, ৩ মার্চ ১৩ মার্চের, ৪ মার্চ ১৪ মার্চের টিকিট বিক্রি করা হবে। এছাড়াও ঈদের তারিখ নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়টি পরবর্তীতে জানানো হবে। অপরদিকে, ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত বিক্রি হবে ফিরতি যাত্রার টিকিট, যা যাত্রার তারিখ হবে ২৩ থেকে ২৯ মার্চ। টিকিট কেনার সময় পশ্চিমাঞ্চলের ট্রেনের জন্য সকাল ৮টা এবং পূর্বাঞ্চলের ট্রেনের জন্য দুপুর ২টা থেকে অনলাইনে লগইন করা যাবে।
এবার যাত্রীচাপ সামাল দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। তবে যাত্রীদের খেয়াল রাখতে হবে, অগ্রিম ও ফিরতি টিকিটের ক্ষেত্রে কোনো প্রকার টাকা ফেরত বা রিফান্ড দেওয়া হবে না। তবে উচ্চ শ্রেণি ব্যতীত অন্যান্য শ্রেণিতে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে পাওয়া যাবে।

