কর্মচারীদের কর্মকর্তা পদে পদোন্নতি: ফাইল তলব শিক্ষামন্ত্রীর

প্রাইম বার্তা অনলাইন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪৯ এএম
কর্মচারীদের কর্মকর্তা পদে পদোন্নতি: ফাইল তলব শিক্ষামন্ত্রীর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ৮২ জন কর্মচারীকে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট ফাইল তলব করেছেন তিনি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

এর আগে গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মাউশি ও এর আঞ্চলিক কার্যালয়ের সাঁটলিপিকার, সাঁট-মুদ্রাক্ষরিক, হিসাবরক্ষক এবং সহকারীদের এই পদোন্নতি দেওয়া হয়। বিপিএসসির সুপারিশ ও ২০২১ সালের নিয়োগ বিধিমালা অনুসরণ করে তাদের জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে বদলি করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত সবার স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি বিএড ডিগ্রি রয়েছে।

তবে এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তা পুনর্বিবেচনার নির্দেশ দিলেন মন্ত্রী। সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা বেতনের স্কেলে এই পদোন্নতি দেওয়া হয়েছিল। উপসচিব মুন্না রানি বিশ্বাস স্বাক্ষরিত ওই আদেশে তাদের শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ে তদারকি ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োগের কথা বলা হয়েছিল। এখন মন্ত্রীর এই পদক্ষেপের পর পদোন্নতির বিষয়টি চূড়ান্ত হবে কি না তা নির্ভর করছে পর্যালোচনার ওপর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...