তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা ও লুটপাট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহারপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পাচুড়িয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইতোমধ্যে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী গফুর মল্লিকের পরিবার জানায়, শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুধু গফুর মল্লিকই নন, হামলাকারীরা তার ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ মালামাল ও অর্থ লুট করে নেয়।
এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে বাসে নাড় বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার এই অদম্য জীবনসংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ১ লাখ ৭০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল।