এফএ কাপে বিশাল অঘটন, নন-লিগ ম্যাকলসফিল্ডের কাছে হারল প্যালেস

প্রাইম বার্তা অনলাইন
১১ জানুয়ারি ২০২৬ ৯:৪৭ এএম
এফএ কাপে বিশাল অঘটন, নন-লিগ ম্যাকলসফিল্ডের কাছে হারল প্যালেস

এফএ কাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামা ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে নন-লিগ দল ম্যাকলসফিল্ড। ইংলিশ ফুটবলের পিরামিডে নিজেদের চেয়ে ১১৭ ধাপ ওপরে থাকা প্রিমিয়ার লিগের দলটিকে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছে ওয়েন রুনির ছোট ভাই জন রুনির কোচিং করা দলটি। এই জয়কে টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন হিসেবে দেখা হচ্ছে।

খেলার ৪৩ মিনিটে লুক ডাফির বাঁকানো ফ্রি-কিক থেকে হেড করে দলকে লিড এনে দেন ম্যাকলসফিল্ড অধিনায়ক পল ডসন। এরপর ৬০ মিনিটে আইজ্যাক বাকলি-রিকেটস দুর্দান্ত শারীরিক নৈপুণ্যে শট নিয়ে প্যালেস গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজকে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন। শেষ দিকে ৯০ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে ইয়েরেমি পিনো এক গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি প্যালেসের।

এই জয়ের মাধ্যমে ১৯০৮-০৯ মৌসুমের পর এই প্রথম কোনো নন-লিগ দল এফএ কাপের বর্তমান শিরোপাধারীকে পরাজিত করলো। এর আগে ২০১৮ সালে শিরোপাধারী আর্সেনাল তৃতীয় রাউন্ডেই বিদায় নিয়েছিল। ঐতিহাসিক এই জয়ে ক্রিস্টাল প্যালেসকে বিদায় করে নতুন রেকর্ড গড়লো ম্যাকলসফিল্ড।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...