ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন? এগিয়ে আলী আসগর লবি

প্রাইম বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪৮ পিএম
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব কে পাচ্ছেন? এগিয়ে আলী আসগর লবি

দীর্ঘ ১৭ বছর পর এক উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে, যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২৯৭টি আসনের মধ্যে ২১২টি আসনে জয়ী হয়ে দলটি সরকার গঠনের উদ্যোগ নিচ্ছে। আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে নতুন মন্ত্রিসভা গঠিত হবে। এরই মধ্যে রাজনৈতিক মহলে নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব কে পাচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

ক্রীড়াঙ্গন সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক ক্রিকেট প্রশাসক ও খুলনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আসগর লবি। বিএনপির এই এমপি জামায়াতে ইসলামীর মহাসচিব মিয়া গোলাম পরওয়ারকে পরাজিত করেছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লবির সাথে ক্রীয়াঙ্গনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়াও টেকনোক্র্যাট কোটায় সাবেক ফুটবলার আমিনুল হককেও এই পদে দেখা যেতে পারে।

বিএনপির মধ্য থেকে সরাসরি নির্বাচিত সাবেক খেলোয়াড়দের মধ্যে রয়েছেন সাবেক ভলিবল তারকা এহসানুল হক মিলন ও সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তবে তারা অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে শোনা যাচ্ছে। বিএনপির পূর্ববর্তী আমলে মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা ও ফজলুর রহমান পটল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আগামী দিনে দেশের ক্রীড়াখাতকে বিশ্বমানে উন্নীত করতে নতুন মন্ত্রীর ওপর থাকবে বড় প্রত্যাশা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...