একাদশ বদলেও গ্রুপ চ্যাম্পিয়ন মিসর, জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা

প্রাইম বার্তা অনলাইন
৩০ ডিসেম্বর ২০২৫ ৯:৪১ এএম
একাদশ বদলেও গ্রুপ চ্যাম্পিয়ন মিসর, জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা

আফ্রিকা কাপ অব নেশনসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যাঙ্গোলার মুখোমুখি হয়ে গোলশূন্য ড্র করেছে মিসর। এই ম্যাচে তারা পুরো একাদশই পরিবর্তন করে এবং মোহাম্মদ সালাহ ও ওমর মারমুশের মতো প্রধান তারকাদের বিশ্রাম দেয়। এই ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করল দেশটি। অপরদিকে, জিম্বাবুয়েকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

মারাকেশে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যারিয়ারের প্রথম গোলটি করেন শেপাং মোরেমি। এরপর লাইল ফস্টার এবং শেষ দশ মিনিটে পেনাল্টি থেকে ওসউইন অ্যাপোলিস গোল করলে জয় নিশ্চিত হয় তাদের। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে উঠেছে তারা। তবে জয়ের পরেও দলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কোচ হুগো ব্রুস।

গ্রুপের তৃতীয় স্থানে থাকা অ্যাঙ্গোলার অবস্থান এখন খুবই ঝুঁকিপূর্ণ। মাত্র দুই পয়েন্ট সংগ্রহ করা দলটির শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা এখন অন্য গ্রুপের ফলাফলের ওপর। সোমবার গ্রুপ ‘এ’-তে এবং মঙ্গলবার গ্রুপ ‘সি’-তে নির্দিষ্ট কিছু দলের পরাজয় না হলে বিদায় নিতে হবে তাদের।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...