বিসিসিআইয়ের বিরুদ্ধে সরব নাজাম শেঠি, ভারত-পাক সিরিজ নিয়ে বড় অভিযোগ
টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে দ্বন্দ্ব যখন তুঙ্গে, ঠিক তখনই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, সবচেয়ে ধনী বোর্ড হওয়ার সুবাদে বিসিসিআই আইসিসির অন্যান্য সদস্যদের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিচ্ছে এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে।
নাজাম শেঠি জানান, কয়েক বছর আগে ‘বিগ থ্রি’ বা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পক্ষে আয়ের বৃহৎ অংশ ভাগ করে দেওয়ার সময় তৎকালীন বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন পাকিস্তানকে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আশ্বাস দিয়েছিলেন। ওই আশ্বাসের ওপর ভরসা করেই পিসিবি ওই অসম চুক্তিতে সই করেছিল। কিন্তু শেঠির অভিযোগ, চুক্তি সই হওয়ার এক বছর পরই কোনো কারণ ছাড়াই সিরিজ থেকে সরে দাঁড়ায় ভারত। তিনি অভিযোগ করেন, বিষয়টি চূড়ান্ত করতে যখন তিনি মুম্বাই গিয়েছিলেন, তখন বিসিসিআইয়ের কোনো কর্মকর্তা তার সঙ্গে দেখা করতে আসেননি, যা তিনি চরম অপমানজনক মনে করেন।
এই পরিস্থিতিতে শেঠির বিশ্বাস, বাংলাদেশ ও পাকিস্তান একত্রিত হলে বিসিসিআইয়ের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটানো সম্ভব। তিনি মনে করেন, স্বল্পমেয়াদে ক্ষতি হলেও দীর্ঘমেয়াদে এর সুফল মিলবে। তবে তিনি এও জানান, এটি তার ব্যক্তিগত মতামত এবং ম্যাচের আরও ১০-১৫ দিন বাকি থাকায় তিনি এখনও কূটনৈতিক সমাধানের পথ দেখছেন।

