ভারত কি বাদ পড়ত? বাংলাদেশ ইস্যুতে আইসিসির সমালোচনায় নাসের হুসেইন
বাংলাদেশের ওপর আইসিসির ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও বিশিষ্ট ক্রিকেট বিশ্লেষক নাসের হুসেইন। তিনি প্রশ্ন রেখেছেন, বাংলাদেশের পরিবর্তে যদি ভারত একই সিদ্ধান্ত নিত, তবে কি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের বিরুদ্ধেও একইরকম কঠোর পদক্ষেপ নিতে সাহস পেত? হুসেইনের অভিমত, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সবার সঙ্গে সমান আচরণ করছে না।
স্কাই স্পোর্টস ক্রিকেটের একটি পডকাস্টে এই ইংলিশ কিংবদন্তি বলেন, কোনো টুর্নামেন্ট শুরুর মাসখানেক আগে যদি ভারত সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে কোনো দেশে না যাওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে কি আইসিসি বলতে পারত ‘নিয়ম হলো নিয়ম, দুঃখিত আপনারা বাদ’? তিনি মনে করেন, ভারতীয় বোর্ডের (বিসিসিআই) অর্থনৈতিক শক্তির কারণেই আইসিসি এমন দ্বৈত আচরণ করছে। হুসেইন স্পষ্ট জানিয়েছেন, ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসে এবং ধারাবাহিকতা ও ন্যায্যতা ছাড়া ক্রিকেটের উন্নতি সম্ভব নয়।
প্রসঙ্গত, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এর জেরে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নাসের হুসেইন মনে করেন, বারবার বাংলাদেশ বা পাকিস্তানের মতো দলগুলোকে পাশে সরিয়ে রাখা হলে ভবিষ্যতে ভারত-পাকিস্তান ম্যাচগুলোর উত্তেজনা আর থাকবে না, যা ক্রিকেটকে একপেশে করে ফেলবে।

