পিআইএফের পক্ষপাতে ক্ষুব্ধ রোনালদো, রিয়াদে ছড়ালো ‘মিসিং’ পোস্টার
সৌদি আরবের রাজধানী রিয়াদের বুকে এখন আলোচনার কেন্দ্রে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ‘নিখোঁজ’ হওয়ার পোস্টার। আল হিলালের সমর্থকরা রসিকতা করতে গিয়ে শহরজুড়ে এই পোস্টার লাগিয়েছে। আসলে ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে আল নাসরের জার্সিতে সর্বশেষ ম্যাচে খেলতে না নামায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফিট থাকা সত্ত্বেও আল রিয়াদের বিপক্ষে তাকে দলের বাইরে রাখা হয়, যা নিয়ে চলছে তোলপাড়।
এর পেছনের কারণ হিসেবে জানা গেছে, সৌদি প্রো লিগের চার শীর্ষ ক্লাবের মালিক পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) পক্ষপাতমূলক আচরণের প্রতি রোনালদোর ক্ষোভ। তার অভিযোগ, তার ক্লাব আল নাসরের চেয়ে অন্য তিনটি ক্লাব—আল হিলাল, আল আহলি ও আল ইত্তিহাদের প্রতি বেশি সুবিধা দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল সম্প্রতি তারই পুরনো সতীর্থ কারিম বেনজেমাকে দলে ভেড়ায়, অথচ শীতকালীন দলবদলে তার আল নাসর চারজন অপরিচিত খেলোয়াড় নিয়ে সন্তুষ্ট থাকে। এই বৈষম্যই মূলত তাকে মাঠের বাইরে থাকতে বাধ্য করেছে।
এই ঘটনার জের ধরে আল হিলাল সমর্থকরা রিয়াদের নানা স্থানে রোনালদোর ছবি সম্বলিত বিশেষ পোস্টার লাগিয়েছে। সেখানে তাকে কাঁদতে দেখা যাচ্ছে এবং লেখা আছে—একজন ৪০ বছর বয়সী ব্যক্তি, যিনি গত কিছুদিন ধরে অতিরিক্ত কান্নাকাটি করছেন, তাকে খুঁজছে তার পরিবার। এদিকে, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে রোনালদোর এখনো কোনো সমঝোতা হয়নি, যা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে তার ভবিষ্যৎ নিয়ে।

