সৌদিতে রোনালদোর বিক্ষোভ: রিয়াদের রাস্তায় ‘খুঁজ বিজ্ঞপ্তি’ নিয়ে তোলপাড়
সৌদি প্রো লিগে এমন ঘটনা এর আগে কখনো দেখা যায়নি, যেখানে আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে রিয়াদের বুকে ছড়িয়ে পড়েছে ‘নিখোঁজ’ বিজ্ঞপ্তি। ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে আল রিয়াদের বিপক্ষে ম্যাচে মাঠে না নামায় এই অভিনব প্রতিবাদের শিকার হলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী। শারীরিক ফিটনেস থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে তাকে দল থেকে বাদ দেওয়া হয়, যা নিয়ে স্থানীয় মিডিয়ায় তোলপাড় চলছে।
সূত্র মতে, চারটি শীর্ষ সৌদি ক্লাবের মালিকানা যে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রোনালদো। পিআইএফের অধীনে থাকা আল হিলাল, আল ইত্তিহাদ ও আল আহলিকে তিনি তার ক্লাব আল নাসরের চেয়ে বেশি সুবিধা পাওয়ার অভিযোগ এনেছেন। বিশেষ করে, সম্প্রতি তারই পুরনো সতীর্থ কারিম বেনজেমাকে আল হিলালে নিয়ে আসা এবং আল নাসরকে শীতকালীন দলবদলে কোনো পরিচিত তারকা না দেওয়া নিয়ে তিনি বেশ ক্ষুব্ধ বলে জানা গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আল হিলাল সমর্থকরা রসিকতার সীমা ছাড়িয়ে গেছে। রিয়াদের নানা স্থানে রোনালদোর ছবি সংবলিত পোস্টার লাগিয়েছে তারা, যেখানে তাকে কাঁদতে দেখা যাচ্ছে। পোস্টারে বলা হয়েছে, তার পরিবার এমন একজন ৪০ বছর বয়সী ব্যক্তিকে খুঁজছে যিনি সাম্প্রতিক সময়ে অতিরিক্ত কান্নাকাটি করছেন। বর্তমানে ক্লাবের সঙ্গে তার বিরোধের কোনো সমাধান হয়নি, ফলে এই সংঘাত আগামী দিনে ক্লাবের পারফরম্যান্সে কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়।

