বিশ্বকাপ বয়কট করা এখন অসম্ভব, ভারতের বিপক্ষে না খেলার পরামর্শ
ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন সরে দাঁড়ানোর উপযুক্ত সময় চলে গেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি বলেছেন, সঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় পুরো টুর্নামেন্ট বয়কট করা এখন বাস্তবসম্মত নয়। তবে এই পরিস্থিতিতে পাকিস্তানের জন্য সেরা বিকল্প হতে পারে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো, এমনকি ফাইনালে ওঠার পরেও।
বাংলাদেশের নিরাপত্তা অজুহাতে আইসিসি যখন তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আলোচনা করেছেন এবং আগামী ৩০ জানুয়ারি বা ২ ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে। রশিদ লতিফ একটি ইউটিউব চ্যানেলে বলেন, লোহা যখন গরম তখনই হাতুড়ি দিতে হয়, আইসিসির বৈঠকের সময়টাই প্রতিবাদ করার সঠিক সময় ছিল।
গ্রুপ ‘এ’-তে থাকা ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে। গত বছর এশিয়া কাপে টানা তিনবার ভারতের কাছে হারের পাশাপাশি মাঠের বাইরের নানা নাটকীয়তা দুই দেশের সম্পর্কের টানাপোড়েন বাড়িয়েছিল। এমন পরিপ্রেক্ষিতে রশিদ লতিফ মনে করেন, পুরো আসর থেকে না সরে এই নির্দিষ্ট ম্যাচটি এড়িয়ে চলাই পাকিস্তানের জন্য বুদ্ধিমানের কাজ হবে।

