বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু, দলের সর্বোচ্চ উইকেট

প্রাইম বার্তা অনলাইন
২৩ জানুয়ারি ২০২৬ ৫:৫৩ পিএম
বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু, দলের সর্বোচ্চ উইকেট

অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে নিজের সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সিডনি সিক্সার্সের বিপক্ষে চ্যালেঞ্জার ম্যাচে হোবার্ট হারিকেন্সের জার্সিতে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। রিভিউ না থাকায় একটি উইকেট থেকে বঞ্চিত হলেও চার ওভারে ৩৩ রানের খরচায় দুইটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলের সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে আবারও শীর্ষস্থান দখল করেছেন এই টাইগার ক্রিকেটার।

ম্যাচের মূল আকর্ষণ ছিল রিশাদের বোলিং। এদিন তিনি দলপতি নাথান এলিসকে পেছনে ফেলে ফের শীর্ষে উঠে আসেন। তার শিকারের তালিকায় ছিলেন সিডনির বিপজ্জনক ব্যাটার স্টিভেন স্মিথ। সুইচ হিট খেলতে গিয়ে রিশাদের গুগলিতে বোল্ড হন ৬৫ রান করা স্মিথ। একই ওভারে মইজেজ হেনরিকসকে ক্যাচ আউট করান তিনি। তবে অষ্টাদশ ওভারে জ্যাক এডওয়ার্ডসকে এজ করালেও আম্পায়ার আউট দেননি এবং রিভিউ শেষ হয়ে যাওয়ায় তৃতীয় উইকেটটি পাননি এই স্পিনার।

এই পারফরম্যান্সের সুবাদে ১২ ম্যাচে রিশাদের উইকেট সংখ্যা দাঁড়াল ১৫টিতে। হোবার্টের আরেক বোলার রিলে মেরেডিথ এই ম্যাচে ৩ উইকেট নিলেও মোট উইকেটে রিশাদকে টপকাতে পারেননি। বর্তমানে পাকিস্তানি পেসার হারিস রউফ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হলেও স্পিনারদের মধ্যে এগিয়ে রয়েছেন রিশাদ। তিনি দেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই আসরে প্রতিনিধিত্ব করছেন এবং নিজের কৃতিত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...