বিশ্বকাপ নিয়ে জটিলতা: বাংলাদেশকে একদিনের আলটিমেটাম আইসিসির
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেশের ক্রিকেট বোর্ড ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সৃষ্ট অচলাবস্থা এখন চরমে। ভারতে অনুষ্ঠিতব্য এই আসরে অংশগ্রহণ নিয়ে আইসিসির জরুরি বৈঠকে বাংলাদেশকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভারতে না গিয়ে খেলার বর্তমান অবস্থান থেকে সরে না আসলে বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে বিশ্বকাপে সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আইসিসি বোর্ড সভাপতি জয় শাহ ও বিসিবি সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত এই জরুরি বৈঠকে বিসিবিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ইতিবাচক কোনো সাড়া না পেলে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে দলের অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ইউরোপীয় বাছাইপর্বে ব্যর্থ হওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলতে পারেনি স্কটিশরা। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, পিসিবি চেয়ারম্যান মাহসিন নাকভি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত ও দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ সহ শীর্ষ কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। ভারতের মাটিতে নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ দূর করতে গত সপ্তাহে ঢাকায় এসে বিসিবির সঙ্গে বৈঠক করেছিলেন অ্যান্ড্রু এফগ্রেভ। তবে এখন সময়ের দাবি বিসিবিকে খুব দ্রুত এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করা, অন্যথায় বিশ্বকাপের মূল পর্ব থেকেই ছিটকে যেতে হতে পারে টাইগাররা।

