বৃষ্টিবিঘ্নে পয়েন্ট ভাগাভাগি, জয়ের বিকল্প নেই জুনিয়র টাইগারদের

প্রাইম বার্তা অনলাইন
২১ জানুয়ারি ২০২৬ ৪:৫৩ পিএম
বৃষ্টিবিঘ্নে পয়েন্ট ভাগাভাগি, জয়ের বিকল্প নেই জুনিয়র টাইগারদের

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে বাংলাদেশ দল। বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়, যা টুর্নামেন্টে জুনিয়র টাইগারদের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। এই ফলাফলের পর সুপার সিক্স নিশ্চিত করতে হলে আগামী ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।

কুইন্স স্পোর্টস ক্লাবে টানা বৃষ্টির কারণে খেলা শুরুতেই বারবার বন্ধ হয়। ম্যাচ ৪৭ ওভারে সংক্ষিপ্ত করা হলেও মাত্র ১০ ওভারের মাথায় আবারও বৃষ্টি নেমে আসে। তখন পর্যন্ত নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছিল। শেষ পর্যন্ত আম্পায়াররা খেলা আর পুনরায় শুরু করা সম্ভব না মনে করে ম্যাচটি বাতিল ঘোষণা করেন, যার ফলে দুই দলই এক পয়েন্ট করে পায়।

এর আগে টুর্নামেন্টের শুরুতে ১৭ জানুয়ারি একই মাঠে ভারতের কাছে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে হারে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে তাদের সংগ্রহ একমাত্র পয়েন্ট, যার কারণে ‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকায় তারা এখন তৃতীয় স্থানে অবস্থান করছে। এই গ্রুপ থেকে সুপার সিক্সে যাওয়ার সুযোগ রয়েছে শীর্ষ তিন দলের জন্য, যেখানে ভারত ইতিমধ্যেই নিজেদের স্থান নিশ্চিত করেছে।

বাঁচা-মরার লড়াইয়ে এখন হারারেতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠেয় এই ম্যাচে জয় ছাড়া সুপার সিক্সে উঠার স্বপ্ন অধরাই থেকে যাবে। এদিকে, গ্রুপের শীর্ষ স্থান নির্ধারণে ভারত ও নিউজিল্যান্ড ২৪ জানুয়ারি নিজেদের শেষ ম্যাচ খেলবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...