বিসিবির কার্যক্রমে অসন্তোষ, কঠোর অবস্থানে মিরাজ-মিঠুনরা
বোর্ডের সাম্প্রতিক কার্যকলাপে গভীর ক্ষোভ প্রকাশ করে ক্রিকেট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুস্তাফিজুর রহমান ও নুরুল হাসান সোহানসহ শীর্ষ তারকারা বিসিবির বিরুদ্ধে অবস্থান নিয়ে পাঁচ দফা দাবি তুলে ধরেন। ২০১৯ সালের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটছে বলেও মনে করছেন তারা।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান কমিটি নানা সংকটের সমাধান করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্রিকেটারদের দাবির মধ্যে রয়েছে ঢাকা প্রথম বিভাগ লিগের সংকট নিরসন, নারী ক্রিকেটারদের হয়রানির মামলার বিচার ও সুযোগ-সুবিধা বাড়ানো। এছাড়া বিপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা প্রাপ্ত ৯ জনকে বাদ দেওয়ার কারণ জানতে চেয়েছেন তারা। তবে নাজমুল ইসলামের পদত্যাগ দাবির বিষয়ে কিছুটা ছাড় দিয়ে বলা হয়েছে, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে এবং পদত্যাগ প্রক্রিয়া শুরু করলে তারা মাঠে ফেরার বিষয়টি ভাববেন।
এই সিদ্ধান্তের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেলেও মেহেদী হাসান মিরাজ বলেছেন, সাধারণ দর্শকদের ভুল বোঝানো হচ্ছে। তার ভাষায়, ক্রিকেটার, বোর্ড, গণমাধ্যম ও দর্শক—সবাই মিলে একই পরিবার। অন্যদিকে, সৃষ্ট এই জটিলতা নিরসনে শীঘ্রই বাংলাদেশে আসছে আইসিসির একটি প্রতিনিধি দল।

