২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ডিপ স্টেট: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সরকার গঠনের শুরুতে দেশের শক্তিশালী কিছু প্রতিষ্ঠান বা যাদের ডিপ স্টেট বলা হয়, তারা তাদের ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, শেখ হাসিনার মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত তারা সরকার পরিচালনা করলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছিল।
সাবেক এই উপদেষ্টা জানান, এর বিনিময়ে তাদের কিছু শর্ত মেনে চলতে হতো। ডিপ স্টেটের পক্ষ থেকে একটি রোডম্যাপ দেওয়া হয়েছিল, যার মাধ্যমে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আদালতে জটিল আকারে দীর্ঘায়িত করতে হতো। তিনি উল্লেখ করেন, বিশেষ করে তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো এমনভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়, যাতে তিনি সাজাপ্রাপ্ত অবস্থায় থেকে নির্বাচনে অংশ নিতে না পারেন। আসিফ মাহমুদ স্পষ্ট জানান, তারা এই সমঝোতায় রাজি হননি এবং এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
এনসিপির এই নেতা বলেন, তারা কোনো সমঝোতা নয়, বরং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চেয়েছিলেন। এ কারণেই তারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আগ বাড়িয়ে পদত্যাগ করেছিলেন। তবে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার পূর্ববর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে যে সুবিধা প্রদান করেছে, তা নির্বাচনী মাঠে সমতা রক্ষার পরিপন্থী। এই সভায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

