রমজানে সংযম ও ত্যাগের মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসুক: মির্জা ফখরুল

প্রাইম বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪১ পিএম
রমজানে সংযম ও ত্যাগের মাধ্যমে সমাজে শান্তি ফিরে আসুক: মির্জা ফখরুল

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জারি করা এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।

বার্তায় মির্জা ফখরুল বলেন, সিয়াম বা রোজা রাখা এই মাসের প্রধান ইবাদত। বছরের অন্যান্য এগারো মাসের চেয়ে রমজান মাস অধিক মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে মহান রাব্বুল আল-আমিনের দরবারে করুণা ভিক্ষা করলে বান্দাকে তিনি ক্ষমা করে দেন। তিনি উল্লেখ করেন, আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে কোরআন অবতীর্ণ হয়েছে।’ এটি মানুষের জন্য সৎপথের নির্দেশিকা এবং সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণায়ক।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ইবাদতের এই বিশেষ মৌসুমে রোজা ও সিয়াম সাধনার মাধ্যমে মানুষের অন্তর থেকে গুনাহ দূর হয় এবং আধ্যাত্মিক পূর্ণতা আসে। এ মাসের মূল উদ্দেশ্য হলো পাপ থেকে বেঁচে থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। তিনি সমাজের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংযমের মাধ্যমে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা এবং অশ্লীলতা থেকে মুক্ত হতে হবে। এর মাধ্যমেই সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসবে। তিনি সবার সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন এবং ‘আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ’ বলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...