ঢাকায় উন্নয়ন প্রকল্পের যানজট সামলাতে ডিএমপির প্রস্তুতিমূলক সভা
রাজধানীতে চলমান ও আসন্ন বৃহৎ উন্নয়ন প্রকল্পের কারণে সৃষ্ট যানজটের প্রভাব সামলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি সদর দপ্তরে সংশ্লিষ্ট সংস্থা ও অংশীজনদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।
সভায় মহানগরীতে চলমান এবং শিগগির শুরু হতে যাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানশৃঙ্খলার ওপর কী ধরনের প্রভাব পড়তে পারে, সে বিষয়ে বিস্তারিত বিনিময় হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নকালীন সময়ে শহরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা গ্রহণ এবং যানজট নিরসনে কার্যকর কৌশল নির্ধারণের নানা পরামর্শ উঠে আসে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে অনুষ্ঠিত চতুর্থ সভায় রাজধানীর চলমান ও স্বল্প সময়ে বাস্তবায়নযোগ্য বৃহৎ প্রকল্পগুলো নিয়ে আলোচনা হয়। সেই সভায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা, দপ্তর ও অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ওই সভার ধারাবাহিকতায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে নীতিগত কৌশল নির্ধারণের প্রস্তুতি হিসেবেই এদিনের সভার আয়োজন করা হয়। বৈঠকে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রাজধানীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। প্রকল্প চলাকালীন মহানগরবাসীর দুর্ভোগ কমাতে সবপক্ষের সমন্বিত উদ্যোগের বিষয়টি আবারও জোরালো হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

