অনলাইন জুয়া চক্রের সাত সদস্য গ্রেফতার, জব্দ হলো ৪৮৪ এমএফএস সিম

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ৫:১৬ এএম
অনলাইন জুয়া চক্রের সাত সদস্য গ্রেফতার, জব্দ হলো ৪৮৪ এমএফএস সিম

অনলাইন জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানে সংঘবদ্ধ অপরাধী চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। এসময় চক্রের কাছ থেকে মোবাইল আর্থিক সেবা খাতের ৪৮৪টি অ্যাকাউন্ট-নিবন্ধিত সিমকার্ডসহ বহু আলামত জব্দ হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন — সাগর শিকদার, অমল কীর্তনিয়া অভি, মিথুন সরকার, সুনীল মৃধা, কাজী উসরাত আঞ্জুমান মেঘা, মারুফা ও মো. রাকিবুল হাসান।

ডিবির বরাতে জানা গেছে, সাইবার পর্যবেক্ষণের মাধ্যমে অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন চিহ্নিত করে বিভাগের একটি টিম। সেগুলো বিশ্লেষণ করে দেখা যায়, জুয়ার লেনদেন চালাতে বিভিন্ন এমএফএস এজেন্ট, মার্চেন্ট এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহৃত হচ্ছিল। পরে এসব অ্যাকাউন্টের তথ্য যাচাই করে জুয়ার সঙ্গে জড়িত একটি সংগঠিত চক্রের সন্ধান মেলে।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে মাদারীপুরের কালকিনি থেকে ধরা পড়েন চক্রের হোতা সাগর। তাদের কাছ থেকে পাওয়া যায় ৪৮৪টি এমএফএস অ্যাকাউন্ট-সংবলিত সিমকার্ড, ৪৬টি স্মার্টফোন, একটি বাটন ফোন, আটটি ল্যাপটপ, ২৭টি ব্যাংক কার্ড, তিনটি ডায়েরি এবং দুটি প্রাইভেটকার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জুয়ার সাইট ও অ্যাপগুলোতে এমএফএস ওয়ালেট সরবরাহ করে লেনদেন সচল রাখা ছিল এদের প্রধান দায়িত্ব। গ্রেফতারদের বিরুদ্ধে রমনা থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...