গ্রেফতারের চার দিনের মধ্যেই বেনজীরের প্রত্যর্পণ অনুরোধ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৯ এএম
গ্রেফতারের চার দিনের মধ্যেই বেনজীরের প্রত্যর্পণ অনুরোধ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়ার মাত্র চার দিনের মাথায়ই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে আনার জন্য আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দাবি করেছেন, পুরো প্রক্রিয়ায় সরকারের কোনো গাফিলতি বা দেরি হয়নি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি-বিধির ১৪৭ বিধি অনুযায়ী সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের উত্থাপিত সাধারণ প্রস্তাব নিয়ে আলোচনার সময় তিনি এমন বক্তব্য দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, বেনজীর আহমেদের নামে ইন্টারপোলের রেড নোটিশ চালু রয়েছে। ২০২৬ সালের ১২ জুন আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি এনসিবি ঢাকাকে জানায়, তাকে সেখানে গ্রেফতার করা হয়েছে। আমিরাতের আইনে গ্রেফতারের পর ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ অনুরোধ করার বিধান থাকলেও বাংলাদেশ সেই সময়সীমা পর্যন্ত অপেক্ষা না করে ১৬ জুনই কূটনৈতিক চ্যানেলে অনুরোধ প্রেরণ করে এবং একই দিনে তার অনুলিপি এনসিবি আবুধাবিতে জানানো হয়। তাই প্রত্যর্পণে বিলম্ব হয়েছে—ধরনের অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ ও ইউএইর মধ্যে কোনো দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি না থাকায় আমিরাতের অভ্যন্তরীণ আইন ও পারস্পরিকতার নীতির ভিত্তিতেই প্রক্রিয়াটি এগিয়ে চলছে। ৮ জুলাই ইউএইর বিচার মন্ত্রণালয় পারস্পরিকতার নিশ্চয়তা, কেন্দ্রীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য, মামলার আইনি সীমাবদ্ধতা-সংক্রান্ত তথ্য ও সত্যায়িত গ্রেফতারি পরোয়ানাসহ অতিরিক্ত নথি চাইলে তা ৪ আগস্ট কূটনৈতিক পথেই পাঠানো হয়। পরে ২২ আগস্ট আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষ আরও সুনির্দিষ্ট আইনি ব্যাখ্যা এবং মামলা পরিচালনার সময়সীমা ও সাজা কার্যকরের মেয়াদশেষ-সংক্রান্ত আইনের পূর্ণাঙ্গ পাঠ চায়, যার জবাব দেওয়ার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আইন ও বিচার বিভাগের মতামত ১ সেপ্টেম্বর এবং দুর্নীতি দমন কমিশনের মতামত ২ সেপ্টেম্বর হাতে পাওয়ার পর সমন্বিত জবাব প্রস্তুতের কাজ চলছে বলেও জানান তিনি। সত্যায়ন ও আরবি অনুবাদ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের মধ্যেই তা প্রেরণ করা হবে।

এদিকে, বেনজীরের প্রত্যর্পণ ও সংশ্লিষ্ট আইনি সহায়তার জন্য ৩০ জুলাই আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে হামদান আল কাবি অ্যাডভোকেটস অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সিকে নিয়োগ দেওয়া হয়েছে জানান সালাহউদ্দিন আহমেদ। আমিরাত ছেড়ে বেনজীর সেন্ট লুসিয়ায় যাওয়ার গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গটিও এসময় আলোচনায় ওঠে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...