সংসদের সব কার্যক্রম সৌরবিদ্যুতে চালানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
জাতীয় সংসদের সব ধরনের কাজ ভবিষ্যতে কেবল সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনার পরিকল্পনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, জাতীয় গ্রিডের ওপর নির্ভরতা না রেখে সৌরবিদ্যুৎ প্রকল্প থেকেই সংসদের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হবে।
কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে দেওয়া মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এ ঘোষণা দেন। দেশে সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়িয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংসদ সদস্য হেলেন জেরিন খান ওই নোটিশটি দিয়েছিলেন।
প্রতিমন্ত্রী জানান, রামপালে ৪৬০ মেগাওয়াট সক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মাতারবাড়ী কোল পাওয়ার প্রকল্পের অ্যাশ পয়েন্টের জন্য নির্ধারিত জায়গায় ৭০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি সৌর প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীতে সামাজিক সুবিধার কার্ড বিতরণ কর্মসূচি উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২৩টি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়েছে এবং বিদ্যুৎ বিভাগও এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে বলে জানান তিনি।
সৌরবিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের ফলে একদিকে জ্বালানি আমদানিতে ব্যয়িত বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তরুণ ও যুব সমাজের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি সরকারের দায়িত্ব। এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছে। এতে যুবসমাজ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে এই খাতে এগিয়ে আসতে পারবেন বলে আশা প্রকাশ করেন অমিত।

