শপথ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে খলিলুর রহমান

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ২:৪৩ এএম
শপথ নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সত্যনিষ্ঠা, আনুগত্য ও বিবেকের শপথ নিয়ে পদবাধ্যতা শুরু করেন।

শপথ গ্রহণের সময় দেওয়া বক্তব্যে খলিলুর রহমান বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব তিনি পূর্ণ সততা ও বিচক্ষণতার সঙ্গে পালন করবেন। জাতিসংঘ সনদ এবং সভাপতির নির্ধারিত নীতিমালা কঠোরভাবে মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, মেয়াদকালে শুধুমাত্র জাতিসংঘের স্বার্থই তার কাছে সর্বাগ্রে গুরুত্ব পাবে। এছাড়া তিনি স্পষ্ট করে দেন, কোনো সরকার কিংবা বাহ্যিক কোনো শক্তির নির্দেশনা তিনি চাইবেন না, এমন প্রস্তাব গ্রহণ করা থেকেও বিরত থাকবেন। বক্তব্য শেষে উপস্থিত সদস্যদের করতালি ও অভিনন্দনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে তিনি এই মর্যাদাপূর্ণ পদে জয়ী হন। ১৯০টি দেশের অংশগ্রহণে ঘটা সেই ভোটে খলিলুর রহমান পান ৯৯টি দেশের সমর্থন, আর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১টি দেশের ভোট।

জাতিসংঘের প্রচলিত আঞ্চলিক রোটেশন ব্যবস্থা অনুযায়ী ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক গ্রুপের জন্য নির্ধারিত ছিল। এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রতিনিধি হিসেবে বাংলাদেশি প্রার্থীর এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...