পটিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও সিএনজিসহ ডাকাত আটক
চট্টগ্রামের পটিয়ায় ডাকাতি চালানোর পরিকল্পনা সাজানোর এক পর্যায়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. সোহাগ (২৪) নামের এক যুবককে দেশীয় অস্ত্র ও সিএনজিচালিত অটোরিকশাসহ আটক করেছে পুলিশ। গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট বাজার ঘেঁষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, পটিয়া থানার রাত্রিকালীন মোবাইল-১০ ডিউটিতে নিয়োজিত এসআই মো. মাহমুদুল হাসান, পিপিএম গোপন খবর পান যে শান্তিরহাট বাজার এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে একটি সিএনজি অটোরিকশায় ভর করে আশপাশের এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর স্থানীয়দের সহায়তায় আল মক্কা ফার্নিচার মাঠের সামনে অভিযান চালিয়ে সোহাগকে সিএনজিসহ আটক করা হয়। তল্লাশিতে ওই সিএনজি থেকে ৯১ দশমিক ৫ সেন্টিমিটার ও ৯১ সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঠের বাটযুক্ত দুটি রামদা, ৪৭ দশমিক ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের কাঠের বাটওয়ালা একটি ছুরি এবং ১০৪ দশমিক ৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি লোহার সাবল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে। দীর্ঘদিন ধরে সে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় কবির সওদাগরের বাড়িতে বসবাস করছিল। পুলিশ জানায়, অভিযানের সময় সোহাগের সহযোগী অজ্ঞাতনামা ৪-৫ জন আরেকটি সিএনজি অটোরিকশা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পটিয়া থানায় মামলা নম্বর-১৫ নথিভুক্ত করে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করা হয়েছে। পলাতক ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আটক সোহাগকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

