ট্রান্সফরমার জটিলতার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির মানববন্ধন
দীর্ঘদিনের বিদ্যুৎ অভাব ঘোচানোর দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে রাজপথে নেমেছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পূর্ব কালুরঘাট বাদামতলি সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে দলীয় নেতারা হঠাৎ টি কে সাবস্টেশনের ট্রান্সফরমার অকেজো হওয়ার আসল কারণ খতিয়ে দেখা এবং অঞ্চলটিতে অবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করার দাবি জানান। তাদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি সরিয়ে সেখানে নতুন ট্রান্সফরমার স্থাপনের পথে বাধা দিচ্ছে একটি মহল। এতে উপজেলার সাধারণ মানুষের ভোগান্তি আরও দীর্ঘায়িত হচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।
এসময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন ও শাহিনুর, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল করিম নুরু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রবিউল হোসেন ইকবাল এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসান। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, দ্রুত ট্রান্সফরমার জটিলতা নিরসন করে বোয়ালখালীতে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হলে মানুষের দুর্ভোগ কমবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

