সংসদের সব কার্যক্রম চলবে সৌরবিদ্যুতে, গ্রিড থেকে নয় বিদ্যুৎ
ভবিষ্যতে জাতীয় সংসদের সব ধরনের কার্যক্রম পুরোপুরি সৌরবিদ্যুতে পরিচালনার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত। তার ভাষায়, সংসদের বিদ্যুৎ চাহিদা আর ন্যাশনাল গ্রিড থেকে নেওয়া হবে না; প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হবে সৌরবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে।
কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুযায়ী জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে দেওয়া নোটিশের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংসদ সদস্য হেলেন জেরিন খান ওই নোটিশটি দিয়েছিলেন।
সৌর প্রকল্পের বিস্তারিত তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, রামপালে ৪৬০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন একটি সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি মাতারবাড়ী কোল পাওয়ার প্রকল্পের অ্যাশ পয়েন্টের জন্য নির্ধারিত জায়গায় ৭০ মেগাওয়াট ক্ষমতার আরেকটি সৌরবিদ্যুৎ প্রকল্প নেওয়া হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীতে সামাজিক সুবিধার কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২৩টি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণ করেছে বলেও তিনি জানান। বিদ্যুৎ বিভাগও এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে।
প্রতিমন্ত্রীর মতে, সৌরবিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণে একদিকে জ্বালানি আমদানিতে ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গড়ে ওঠার সুযোগ তৈরি হবে। তরুণ ও যুব সমাজের জন্য বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে। এতে যুবকেরা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে এই খাতে এগিয়ে আসতে পারবেন বলে তার আশা।

