গ্রেফতারের মাত্র চার দিনের মধ্যেই বেনজীরের প্রত্যর্পণ চাওয়া হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৫ এএম
গ্রেফতারের মাত্র চার দিনের মধ্যেই বেনজীরের প্রত্যর্পণ চাওয়া হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে কোনো সময় নষ্ট হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গ্রেফতারের মাত্র চার দিনের মাথায়ই কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়েছিল। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কার্যপ্রণালি-বিধির ১৪৭ বিধি অনুযায়ী সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের ওঠানো সাধারণ প্রস্তাব নিয়ে আলোচনার সময় তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ সক্রিয় রয়েছে। ২০২৬ সালের ১২ জুন আমিরাতের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি এনসিবি ঢাকাকে জানায়, তাকে ওই দেশে গ্রেফতার করা হয়েছে। আমিরাতের আইনে গ্রেফতারের পর ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ চাওয়ার সুযোগ থাকলেও বাংলাদেশ নির্ধারিত পুরো সময়ের অপেক্ষা করেনি; ২০২৬ সালের ১৬ জুনই কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয় এবং একই দিনে এর অনুলিপি এনসিবি আবুধাবিতে জমা দেওয়া হয়। তাই প্রত্যর্পণে দেরির অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি না থাকায় আমিরাতের অভ্যন্তরীণ আইন ও পারস্পরিকতার নীতির ভিত্তিতেই প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রক্রিয়ার অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, ৮ জুলাই আমিরাতের বিচার মন্ত্রণালয় অতিরিক্ত তথ্য ও নথি চায়, যার মধ্যে ছিল পারস্পরিকতার নিশ্চয়তা, বাংলাদেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য, মামলার আইনি সীমাবদ্ধতা সংক্রান্ত তথ্য এবং সত্যায়িত গ্রেফতারি পরোয়ানা। সেই সহায়ক নথিপত্র ৪ আগস্ট কূটনৈতিক চ্যানেলে পাঠানো হয়। এরপর ২২ আগস্ট আমিরাতের কেন্দ্রীয় কর্তৃপক্ষ আরও কিছু সুনির্দিষ্ট আইনি ব্যাখ্যা এবং মামলা পরিচালনার সময়সীমা ও সাজা কার্যকরের মেয়াদ শেষ হওয়া-সংক্রান্ত আইনের পূর্ণাঙ্গ বিধান চেয়েছে, যার জবাব দেওয়ার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর। আইন ও বিচার বিভাগের মতামত ১ সেপ্টেম্বর এবং দুর্নীতি দমন কমিশনের মতামত ২ সেপ্টেম্বর হাতে পাওয়ার পর সমন্বিত জবাব প্রস্তুত হচ্ছে; এখন সত্যায়ন ও আরবি অনুবাদের কাজ চলছে বলেও জানান তিনি।

এছাড়া বেনজীর আহমেদের প্রত্যর্পণ ও সংশ্লিষ্ট আইনি সহায়তার জন্য ৩০ জুলাই আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে হামদান আল কাবি অ্যাডভোকেটস অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সিকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গণমাধ্যমে প্রচারিত বেনজীর আহমেদের আমিরাত থেকে সেন্ট লুসিয়ায় স্থানান্তরের খবর প্রসঙ্গেও তিনি সংসদে কথা বলেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...