নোয়াখালী ক্লাবকে রাজনীতিমুক্ত করার দাবিতে রাজধানীতে মানববন্ধন

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ৮:৪৭ এএম
নোয়াখালী ক্লাবকে রাজনীতিমুক্ত করার দাবিতে রাজধানীতে মানববন্ধন

নোয়াখালী ক্লাব লিমিটেড থেকে রাজনৈতিক প্রভাব সম্পূর্ণভাবে দূর করা, বিতর্কিত ব্যক্তিদের বাদ দেওয়া এবং নিরপেক্ষ পরিচালনা পরিষদ বসানোর দাবিতে ঢাকার মতিঝিলে মানববন্ধন করেছেন সাধারণ নোয়াখালীবাসী। ‘বৈষম্যবিরোধী বৃহত্তর সাধারণ নোয়াখালীবাসী’ নামের সংগঠনের ব্যানারে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় কমিটির পদধারীরা এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় সৈয়দ মাহমুদ, শামসুল আলম রানা, গাজী জুয়েল, রিয়াদ ইকবাল, আবু সাঈদ, জুলহাস উদ্দিন, সাজ্জাদ হোসেন ও কামরুল হাসানসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, নোয়াখালীর এক প্রভাবশালী সাংসদের নির্দেশনা ও রাজনৈতিক খপ্পার কারণে যুবলীগ-সংশ্লিষ্ট এক ব্যক্তি ক্লাবের গঠনতন্ত্র না মেনেই আবার সভাপতি পদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। তাঁদের বক্তব্য, নোয়াখালী ক্লাব লিমিটেড কোনো রাজনৈতিক দলের পুনর্বাসনকেন্দ্র হতে পারে না। ক্লাবের সাধারণ সদস্যদের প্রাপ্য অধিকার নিশ্চিত করে রাজনীতি থেকে মুক্ত একটি নিরপেক্ষ পরিচালনা পরিষদ গঠন করাই এখন সময়ের দাবি।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার ও বিতর্কিতদের অপসারণের প্রক্রিয়া এগিয়ে চললেও নোয়াখালী ক্লাব লিমিটেড সেই স্রোতের ব্যতিক্রম হয়ে রয়েছে বলে সমালোচনা করেন অংশগ্রহণকারীরা। তাঁদের অভিযোগ, পুরোনো সরকারের আমলে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে সুবিধা নেওয়া কয়েকজন এখনও ক্লাবের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন এবং আসন্ন নতুন কমিটির ওপরও প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন।

আয়োজকদের দাবি, ক্লাবের ভবিষ্যৎ পরিচালনায় রাজনীতির প্রভাব নয়, থাকতে হবে সাধারণ সদস্যদের কণ্ঠস্বর। তাঁরা প্রত্যাশা জানান, নিরপেক্ষ পরিচালনা পরিষদের মাধ্যমেই প্রতিষ্ঠানটি ফিরে পাবে তার প্রকৃত গৌরব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...