শিকল কেটে পাড়ি দিল দুই সিএনজি, রাতের অন্ধকারে মুখোশধারী চক্রের তাণ্ডব
চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় একই রাতে মাত্র ১০০ গজের মধ্যে দুটি সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে ঘুমিয়ে যাওয়ার পর শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ওই দুই চালক তাদের গাড়ি বাড়ির সামনে না পেয়ে হতবাক হন। স্থানীয়দের অনুমান, সংঘবদ্ধ একটি চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভোগীরা জানান, ওই এলাকার বাসিন্দা মো. কাইছার ও মো. ফরিদ দুজনেই পেশায় সিএনজি অটোরিকশা চালক। তাদের দুজনের বাড়ির মধ্যে দূরত্ব মাত্র ১০০ গজ। বৃহস্পতিবার রাতে কাজ শেষে দুজনেই নিজ নিজ বাড়ির সামনে অটোরিকশা পার্ক করে ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য ঘুম থেকে উঠে তারা দেখেন তাদের কোনো গাড়িই আর নেই।
আর্থিক সংকটে পড়া কাইছার জানান, প্রায় এক বছর আগে একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি এই অটোরিকশাটি ক্রয় করেছিলেন। গাড়িটি চুরি হওয়ার ফলে তিনি এখন চরম দুশ্চিন্তায় ভুগছেন। অপরদিকে, ফরিদ জানান, তিনি তার গাড়িটি শিকল দিয়ে চারটি তালা লাগিয়ে রেখেছিলেন। কিন্তু চোরেরা শিকল কেটে ও তালা ভেঙে গাড়িটি নিয়ে যায়। এলাকাবাসী শুক্রবার ভোরে কিছু অপরিচিত ব্যক্তিকে মোটরসাইকেল নিয়ে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন।
ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালেই পটিয়া থানার একটি পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ জানান, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ জোরালো তদন্ত চালাচ্ছে এবং শীঘ্রই দুষ্কৃতকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

