মানুষ হতে শিক্ষার পাশাপাশি দরকার দেশপ্রেম ও মূল্যবোধ: ডিসি জাহিদ
শুধুমাত্র বইপড়া কিংবা উচ্চতর ডিগ্রি অর্জন করলেই কোনো মানুষ প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, শিক্ষার সাথে সাথে মানবিকতা, দেশপ্রেম এবং সামাজিক দায়িত্ববোধ থাকা আবশ্যক। বড়দের সম্মান করা, ছোটদের প্রতি স্নেহশীল হওয়া এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে না পারলে শিক্ষা সমাজ বা রাষ্ট্রের কোনো উন্নতি ঘটাতে পারে না।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে চট্টগ্রাম নগরের কর্মসূচিতে অংশ নিয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিসি জাহিদ বলেন, বই মানুষকে অতীতের ইতিহাস জানতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে সহায়তা করে। এটি মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতাময়তা এবং এই প্রতিযোগিতার বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য হতে হবে। দেশের বিশাল জনগোষ্ঠীকে সম্পদে পরিণত করতে হলে প্রত্যেক মানুষকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে, যা দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।
শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত মানুষের মনের চোখ খোলা উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত শিক্ষা অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়।

