মালয়েশিয়ায় শ্রমবাজার খুলছে, বিনামূল্যে যাবে ১০ হাজার কর্মী
বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হচ্ছে। এর আওতায় ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফ্যাসিবাদী আমলের দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে বন্ধ হওয়া এই বাজারটি পুনরায় চালু করতে মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে আলোচনা করেছেন। এর ফলে বাংলাদেশের স্বার্থ এবং রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণে একটি বড় সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলমান সমঝোতা স্মারকের মেয়াদের মধ্যেই এই সুবিধা আদায় করতে সক্ষম হয়েছে বর্তমান সরকার।
প্রথম ধাপে বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় মালয়েশিয়া সরকার বহন করবে। এই ১০ হাজার কর্মীকে বোয়েসেলের মাধ্যমে বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানো হবে। এছাড়া মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশের জন্য অনুমোদিত ২৫টি রিক্রুটিং এজেন্সির মধ্যে অতীতে সিন্ডিকেট ও দুর্নীতির সাথে জড়িত এজেন্সিগুলোকে বাদ দেওয়া হবে। এটি বাংলাদেশি কর্মীদের জন্য একটি ঐতিহাসিক সাফল্য বলে মন্ত্রণালয় মনে করছে।

