সাবেক স্ত্রীর পরকীয়ায় প্রবাসীকে কুপিয়ে জখম, মোহাম্মদপুরে গ্রেফতার ২
রাজধানীর মোহাম্মদপুরে সৌদি প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি’র মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, এই হামলার মূল কারণ সাবেক স্ত্রীকে কেন্দ্র করে তৈরি হওয়া প্রেমের সম্পর্ক। অভিযানে গ্রেফতার হওয়া আসামিরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল।
পুলিশ কর্মকর্তা জানান, কয়েক বছর আগে হৃদয়ের সাথে ওই নারীর বিয়ে হয়। পরে ওই নারী কিশোর গ্যাং লিডার ‘ক্যাপ্টেন’ মুন্নার সাথে পালিয়ে যান এবং তাকে বিয়ে করেন। এর তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। সম্প্রতি হৃদয় ছুটিতে দেশে এলে তার সাবেক স্ত্রীর সাথে গোপনে যোগাযোগ হয়। বিষয়টি টের পেয়ে মুন্না হৃদয়কে হুমকি দেন এবং তার স্ত্রীর সাথে কথা বলতে নিষেধ করেন।
হুমকি উপেক্ষা করে সম্পর্ক চালিয়ে যাওয়ায় সম্প্রতি মুন্না ও তার সহযোগীরা মোহাম্মদপুর লিমিটেড এলাকায় হৃদয়কে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অভিযান চালিয়ে পুলিশ শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লালকে গ্রেফতার করলেও পলাতক রয়েছে মুন্না, রাসেল ওরফে আন্ডা রাসেল এবং সাইফুল।

