ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া কিশোরীর পরিচয় মিলেছে, গ্রেফতার তিন

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ৫:০২ পিএম
ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া কিশোরীর পরিচয় মিলেছে, গ্রেফতার তিন

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ওই নাম না জানা মরদেহটির পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে শাহবাগ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহত ওই কিশোরীর নাম মিম আক্তার (১৫) বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ভোরে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭), মো. ফয়সল আহমেদ (৩৫) ও রাহেমা খাতুন রেশমা (২৯)। গত ১৩ আগস্ট শাহবাগ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হলে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করে তাদের গতিবিধির ওপর নজরদারি রাখা হয়। এরপরই ডেমরা থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, অপরাধ আড়াল করতে তারা মিম আক্তারের মরদেহ হাসপাতালের সামনে ফেলে পালিয়ে যায়। গ্রেফতার এড়ানোর জন্য তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাড়ি ছেড়ে রাতারাতি পরিবার নিয়ে আত্মগোপনে চলে যায়। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন ও মরদেহ ফেলে যাওয়ার মূল কারণ জানতে তাদের জেরা করা হচ্ছে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে এবং ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...