মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের সাফল্য

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ৭:১৬ পিএম
মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার হাফেজের সাফল্য

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দেশের জন্য বয়ে এনেছেন আনন্দের খবর। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিয়ে চার বাংলাদেশি হাফেজই পুরস্কার অর্জনে সক্ষম হয়েছেন। এদের মধ্যে একজন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন এবং বাকি তিনজন তাদের নিজ নিজ গ্রুপে তৃতীয় স্থান লাভ করেছেন।

প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে পুরুষ বিভাগে প্রথম হয়েছেন নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ জাকারিয়া। একই গ্রুপে নারী বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসার রাবেতা বিনতে রমজান। অপরদিকে তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী বিভাগে তৃতীয় স্থান লাভ করেন যথাক্রমে ঢাকার ডেমরার মারকাযুল মাদীনা মাদরাসার শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান এবং ওয়ারির সাওদা বিনতে যামআহ মাদরাসার মুসফিরা বিনতে মাহমুদ। প্রথম স্থান অধিকারী হিসেবে জাকারিয়া এক লাখ ৫০ হাজার সৌদি রিয়াল এবং বাকি তিনজন এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল করে পুরস্কার পেয়েছেন।

বুধবার পবিত্র মসজিদুল হারামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশি হাফেজদের বাছাই ও পাঠানোর ব্যবস্থা করে। শুক্রবার সকালে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...