সৌদিতে বাংলাদেশের চার হাফেজের ঐতিহাসিক জয়, প্রথম স্থানে জাকারিয়া
পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসামান্য সাফল্য এনেছেন বাংলাদেশের চার হাফেজ। দেশের প্রতিনিধি হিসেবে অংশ নেয়া এই চার প্রতিযোগীর মধ্যে একজন নিজের গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন, অন্য তিনজন তাদের নিজ নিজ গ্রুপে তৃতীয় স্থান লাভ করেছেন। মঙ্গলবার মসজিদুল হারামে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এবারের প্রতিযোগিতায় সবচেয়ে বড় সাফল্যটি এনেছেন নারায়ণগঞ্জের সানারপাড়ের আর-রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী মুহাম্মদ জাকারিয়া। তিনি প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে (পুরুষ) প্রথম স্থান অধিকার করে এক লাখ ৫০ হাজার সৌদি রিয়াল পুরস্কার অর্জন করেছেন। একই গ্রুপের নারী ক্যাটাগরিতে তৃতীয় হয়েছেন রাজধানীর উত্তরার তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদরাসার রাবেতা বিনতে রমজান। তিনি এক লাখ ৩০ হাজার সৌদি রিয়াল পেয়েছেন। এছাড়া তৃতীয় গ্রুপে পুরুষ ও নারী বিভাগে যথাক্রমে তৃতীয় হয়েছেন ঢাকার ডেমরার মারকাযুল মাদীনা ইন্টারন্যাশনাল মাদরাসার শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান এবং পুরান ঢাকার ওয়ারির সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদরাসার মুসফিরা বিনতে মাহমুদ। এই দুই হাফেজও এক লাখ ৩০ হাজার রিয়াল করে পুরস্কার পেয়েছেন।
ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই হাফেজদের প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সৌদি আরবে পাঠানোর কাজ সম্পন্ন হয়। শুক্রবার সকালে তারা সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচটি গ্রুপের এই প্রতিযোগিতায় মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে এবং তাদের মধ্যে চারজনই বাংলাদেশি হওায় আমাদের জন্য গৌরবের বিষয়।

