বিএটিবির দাম কমানোর প্রস্তাবে ২২০০ কোটি রাজস্ব হানির শঙ্কা
সম্প্রতি বিটিবি কর্তৃক সিগারেটের দাম কমানোর এক প্রস্তাব রাষ্ট্রীয় কোষাগারে বিশাল রাজস্ব ঘাটতি ডাকতে পারে বলে সতর্ক করেছে তামাক নিয়ন্ত্রণ সংগঠনগুলো। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি) বাজারে থাকা তাদের কিছু জনপ্রিয় ব্র্যান্ডের দাম ৯ থেকে ১৬ টাকা পর্যন্ত কমানোর অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে। এই প্রস্তাবটি যদি গ্রহণ করা হয়, তবে সরকার প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার মতো রাজস্ব হারাবে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) জানায়, এই পদক্ষেপ কোম্পানির লাভের জন্য হলেও জনস্বাস্থ্য ও রাজস্ব আয়—উভয় ক্ষেত্রেই মারাত্মক ক্ষতি করবে। বিএনটিটিপি আরও জানায়, ডারবি, পাইলট ও হলিউডের মতো ব্র্যান্ডের প্রতি প্যাকেটের দাম ৭২ টাকা থেকে কমিয়ে ৬৩ টাকা এবং লাকি স্ট্রাইকের দাম ১০৮ টাকার পরিবর্তে ৯২ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে সরকার প্রতি প্যাকেটে ৭ থেকে ১৩ টাকা পর্যন্ত রাজস্ব হারাবে।
সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, গত ৭ জুন জারি করা এসআরও অনুযায়ী বাজারে থাকা কোনো ব্র্যান্ডের সর্বোচ্চ খুচরা মূল্য কমানোর সুযোগ নেই। তবুও বিএটিবি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালার বিশেষ ব্যবস্থা ব্যবহার করে নিজেদের স্বার্থ এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটি কর কাঠামোর স্থিতিশীলতার জন্যও হুমকি স্বরূপ। প্রতিষ্ঠানটি আগে থেকেই বাজেটের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে লাভ করছে এবং এখন দাম কমিয়ে বাজার দখলের নতুন কৌশল নিয়েছে।

