থাইল্যান্ড থেকে ফিরলেন নাবিল, কাটতে হবে গুলিবিদ্ধ পা
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া শিক্ষার্থী নাবিল আহামেদ দীর্ঘ প্রায় দুই বছর থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার গুলিবিদ্ধ ডান পা বাঁচানো সম্ভব হবে না, অচিরেই তা কেটে ফেলতে হবে। বৃহস্পতিবার রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর কদমতলী থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আন্দোলনকালে নাবিলের পায়ে গুলি লাগে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়। সেখানে প্রায় ২০ মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) তিনি দেশে ফেরেন। নাবিলের বাবা সিদ্দিকুর রহমান জানান, থাইল্যান্ডের চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের আগে তাকে এক মাস দেশে পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর তাকে আবার থাইল্যান্ডে নিয়ে যাওয়া হবে।
আহত নাবিল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাজারগাঁও গ্রামের বাসিন্দা এবং ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার সময় তিনি রায়েরবাগ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন যে, নাবিলকে হাসপাতালের কেবিন ব্লকে রাখা হয়েছে।

