স্টার্লিং সাবমেশিনগানসহ সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ৩:৩১ এএম
স্টার্লিং সাবমেশিনগানসহ সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার

রাজবাড়ীর দুই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিরল প্রজাতির স্টার্লিং সাবমেশিনগান ও বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা সর্বহারা পার্টির সক্রিয় সদস্য বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর এই দলটি।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সদরের পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় সৌদি প্রবাসী মো. মোমিন মোল্লাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি স্টার্লিং সাবমেশিনগান, দুইটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড গুলি ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। র‍্যাব কর্মকর্তা জানান, মোমিন প্রায় এক মাস আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন এবং আগামী ১৩ আগস্ট তার আবার সৌদি প্রবাসে ফেরার কথা ছিল। এছাড়া অপর একটি অভিযানে গোয়ালন্দ এলাকা থেকে বিদেশি পিস্তলসহ হাসান আলী বিশ্বাস নামে আরেকজনকে আটক করা হয়।

অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান বলেন, উদ্ধার হওয়া স্টার্লিং সাবমেশিনগানটি অত্যন্ত বিরল এবং শক্তিশালী একটি অস্ত্র। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এ ধরনের অস্ত্র ব্যবহার করা হয়। এই অভিযানে র‍্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা উপস্থিত ছিলেন। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...