শিল্প খাতে ১৭০০ কোটি টাকার বাজেট প্রস্তাব, স্থায়ী কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচির ওপর বিস্তারিত আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জানানো হয়, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে মোট ১৪টি দপ্তর ও সংস্থা কাজ করছে। এগুলোর মধ্যে রয়েছে ৪টি করপোরেশন, ৬টি অধিদপ্তর, ২টি বোর্ড এবং ২টি ফাউন্ডেশন। এই সংস্থাগুলো দেশের শিল্পায়ন, মান নিয়ন্ত্রণ, প্রযুক্তি উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে ভূমিকা রাখছে। এছাড়া আগামী অর্থবছরের জন্য মোট এক হাজার ৬৯২ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়, যার মধ্যে পরিচালন খাতে ৩৬১ কোটি এবং উন্নয়ন খাতে এক হাজার ৩৩১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পরিচালন বাজেটের আওতায় মন্ত্রণালয়ের সচিবালয়, বয়লার পরিদর্শকের কার্যালয়, পেটেন্ট, ডিপিডিটি, এনপিও, বিসিক, বিটাক, বিআইএম ও অ্যাক্রেডিটেশন বোর্ডের ব্যয় পরিকল্পনা উপস্থাপন করা হয়। পাশাপাশি উন্নয়ন বাজেটে বিসিআইসি, বিসিক, বিটাক ও বিএসটিআই-এর অধীনে বাস্তবায়নাধীন শিল্পপার্ক, শিল্পনগরী, প্রযুক্তি আধুনিকীকরণ এবং পরীক্ষাগার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। কমিটি সময়মতো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বরাদ্দের সঠিক ব্যবহার এবং শিল্পখাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেয়।

