সন্তানকে সম্পত্তি দিলেও অসহায় হবেন না বাবা-মা, আসছে নতুন আইন

প্রাইম বার্তা অনলাইন
৩০ জুলাই ২০২৬ ১:০৯ পিএম
সন্তানকে সম্পত্তি দিলেও অসহায় হবেন না বাবা-মা, আসছে নতুন আইন

সন্তানদের নামে সম্পত্তি হস্তান্তরের পর পিতামাতার অসহায় হয়ে পড়ার ঝুঁকি রোধে সম্পত্তি হস্তান্তর আইনে যুগান্তকারী সংশোধন আনার উদ্যোগ নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, এতে বাবা-মায়ের জীবদ্দশায় সম্পত্তির ওপর তাঁদের নিয়ন্ত্রণ বজায় রাখার সুযোগ থাকবে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বেসরকারি সংস্থা ব্র্যাক ও ব্লাস্টের সাথে আইনগত সহায়তা বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ দেওয়ানি মামলাই সম্পত্তি বণ্টন ও হিসাব-নিকাশ নিয়ে জট পাকিয়ে থাকে। বর্তমান আইনে হেবা বা উইলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর করলে তা সঙ্গে সঙ্গে সন্তানের মালিকানায় চলে যায়। এতে বাবা-মা দিশেহারা হয়ে পড়েন এবং সন্তানদের ওপর সম্পূর্ণরূপে নির্ভরশীল হয়ে পড়েন। এমন পরিস্থিতি এড়াতে সম্পত্তি হস্তান্তর আইনে ‘গিফট’ বা উপহারের প্রাসঙ্গিকতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি সিদ্ধান্তের ওপর ভিত্তি করে ‘জীবনস্বত্ব’ বা ইউসুফ্রাক্ট রাইট সংযুক্ত করা হবে।

নতুন এই বিধান অনুযায়ী, বাবা-মা সন্তানদের নামে সম্পত্তি গিফট করলেও তাঁদের জীবিত থাকা পর্যন্ত তা ভোগদখল করতে পারবেন। এ সময় সন্তানরা তাদের অনুমতি ছাড়া সম্পত্তি বিক্রি করতে পারবে না। অন্যদিকে, বাবা-মায়েরও সন্তানদের অনুমতি ছাড়া সম্পত্তি বিক্রির সুযোগ থাকবে না। আইনমন্ত্রী আরও জানান, যদি কোনো কারণে বাবার চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রি করা প্রয়োজন হয় কিন্তু সন্তানরা তাতে সম্মতি না দেয়, তবে আদালতে আবেদন করে জেলা জজের নির্দেশ নিতে পারবেন তাঁরা। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা জজ বিষয়টি বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...