বাংলাদেশের উন্নয়নে ইউনেস্কোর সহযোগিতা আরও জোরদারের আহ্বান
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শিক্ষা ও সংস্কৃতি থেকে শুরু করে জলবায়ু সহনশীলতা এবং ডিজিটাল রূপান্তর—সব ক্ষেত্রেই ইউনেস্কোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল বুধবার (২৯ জুলাই) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংস্থাটির বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি ড. সুসান ভাইজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
এ সময় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশ্বব্যাপী স্বীকৃতি এবং টাঙ্গাইলের শাড়ির বয়নশিল্প ইউনেস্কোর মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পাওয়াকে দুই পক্ষের সফল অংশীদারিত্বের উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় (টিভিইটি) এবং যুবদের দক্ষতা বৃদ্ধিতে ইউনেস্কোর আরও সহযোগিতা কামনা করেন এবং সংস্থাটির মহাপরিচালককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে ড. সুসান ভাইজ বাংলাদেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারে ইউনেস্কোর সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বাংলাদেশের সৃজনশীল অর্থনীতির সম্ভাবনার কথাও উল্লেখ করেন। উভয় পক্ষই অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

