দেশে ফিরেই আবার ভারতে পালাতে গিয়ে গ্রেফতার ডেভিড ইমন
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারত থেকে গোপনে বাংলাদেশে আসার মাত্র চার দিনের মাথায় আবার সীমান্ত পেরিয়ে পালানোর সময় যশোরের ঝিকরগাছা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বুধবার চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ইমনের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। তিনি যশোর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আবার প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপরই মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়ির কাঞ্চননগরের বাসিন্দা ইমন পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী। গত দুই বছরে চট্টগ্রামে সংঘটিত একাধিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে। তার বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে, যার মধ্যে ২০২৫ সালের বাকলিয়ার জোড়া খুন এবং পতেঙ্গা সমুদ্রসৈকতে ঢাকাইয়া আকবর হত্যা মামলা অন্যতম। এছাড়া অস্ত্রের ব্যবহারে তিনি দক্ষ বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানান, ইমনের আরেক সহযোগী মোহাম্মদ রায়হানকে গ্রেফতারে নোয়াখালীর সেনবাগে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তিনি সেখান থেকে পালিয়ে যান। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

