হাইকোর্টের নির্দেশে শোন অ্যারেস্ট প্রত্যাহার, মুক্তি পাচ্ছেন টেম্পু ইসমাইল
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলের জামিনে মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ এর আদালত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং তার বিরুদ্ধে দাখিল করা ‘শোন অ্যারেস্ট’ প্রত্যাহারের আবেদন গ্রহণ করে এই মুক্তির আদেশ জারি করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, রিট পিটিশন নং-৭৯৪৮/২০২৬-এর পরিপ্রেক্ষিতে গত ৮ জুলাই বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ইসমাইল হোসেনকে গ্রেফতার দেখানো থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিলেন। এর পরও তাকে একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, যা উচ্চ আদালতের আদেশের সরাসরি লঙ্ঘন। আবেদনে ওই শোন অ্যারেস্ট প্রত্যাহারের পাশাপাশি আদালত অবমাননার ব্যবস্থার হুমকির পরিপ্রেক্ষিতে আদালত আবেদনটি মঞ্জুর করে মুক্তির নির্দেশ দেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর ভাষ্যমতে, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক ব্যবসার সাথে জড়িত এই সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ ও মাদক আইনে প্রায় ৩০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ভবন নির্মাণ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় এবং আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৪ সালে চান্দগাঁওয়ে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিনি পায়ে গুলিবিদ্ধ হওয়ার পরও বারবার জামিনে বেরিয়ে অপরাধজগতে ফিরে আসেন বলে পুলিশ নথিতে উল্লেখ করা হয়েছে।

