জরিপ অধিদপ্তর পরিদর্শন: নির্ভুল মানচিত্রের ওপর গুরুত্ব শামছুল ইসলামের
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়তে সঠিক তথ্যভিত্তিক পরিকল্পনার বিকল্প নেই। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ জরিপ অধিদপ্তর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রউফ।
পরিদর্শনের এক পর্যায়ে প্রতিরক্ষা উপদেষ্টাকে জাতীয় মানচিত্র প্রণয়ন, আন্তর্জাতিক সীমানা জরিপ, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং ডিজিটাল এলিভেশন মডেল তৈরির কাজ সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। এ সময় তিনি জানান, উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো নির্মাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য নির্ভুল ও হালনাগাদ মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভূস্থানিক তথ্যের সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সফরকালে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল আগামী চার মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেন ড. শামছুল ইসলাম। এরপর সিলেট ও কুমিল্লায় এই কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রশিক্ষণে জরিপ ও ভূস্থানিক জ্ঞানের ব্যবহার বাড়াতে এবং দেশীয় ডিজিটাল ম্যাপিং অ্যাপ্লিকেশন তৈরির সম্ভাবনা যাচাই করতেও নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এবং অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

