চট্টগ্রামে বন্যার তাণ্ডব: মৎস্য ও কৃষিতে শত কোটি টাকার ক্ষতি

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৮:৪৫ পিএম
চট্টগ্রামে বন্যার তাণ্ডব: মৎস্য ও কৃষিতে শত কোটি টাকার ক্ষতি

টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে সৃষ্ট বন্যায় দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। জনজীবনের ওপর দুর্যোগ নেমে আসার পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে নেমে এসেছে মারাত্মক বিপর্যয়। জেলার প্রায় ১৪ হাজার হেক্টর কৃষিজমি ও ১০ হাজারের বেশি পুকুর-ঘের বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রায় ২০ লাখ মানুষ এখনো পানিবন্দি হয়ে দিন কাটাচ্ছেন। প্রাথমিক হিসাবে এসব ক্ষতির পরিমাণ শত কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়া উপজেলাগুলোতে। বাঁশখালীতে আড়াই হাজার পুকুর ও ৩১০টি চিংড়ি ঘের ডুবে যায়, যাতে প্রায় ৪১ কোটি ৫০ লাখ টাকার মাছ হারিয়ে যায়। অপরদিকে সাতকানিয়ায় ৪৬৬ হেক্টর পুকুরে প্রায় ১০ কোটি ৭৫ লাখ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এছাড়া লোহাগাড়া, কর্ণফুলী, চন্দনাইশ, বোয়ালখালী, পটিয়া, ফটিকছড়ি ও আনোয়ারায়ও কোটি কোটি টাকার মাছ ও ফসলের ক্ষতি হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম জানান, চট্টগ্রামে এটি স্মরণকালের ভয়াবহ বন্যা। তিনি বলেন, পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে সাতকানিয়া ও বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। জেলার ১৫টি উপজেলার প্রায় ১০ হাজার পুকুর ও ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মাছের সব মিলিয়ে ৯০ কোটি টাকার ওপর ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...