তরুণদের স্বপ্ন পূরণে সরকারের নিরলস প্রচেষ্টা: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৭:২৫ পিএম
তরুণদের স্বপ্ন পূরণে সরকারের নিরলস প্রচেষ্টা: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী ১১ জুলাই ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সব নাগরিকের জন্য একটি সুস্থ, শিক্ষিত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার। শুক্রবার (১০ জুলাই) প্রদত্ত এই বাণীতে তিনি দেশের জনগণের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, জনমিতিক সম্ভাবনাকে টেকসই উন্নয়নের শক্তিতে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানবসম্পদ উন্নয়ন, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং পরিবার পরিকল্পনার কার্যক্রম জোরদার করার মাধ্যমে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়াই সরকারের মূল লক্ষ্য। এছাড়াও নারী ও যুবসমাজের ক্ষমতায়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’র সাথে সরকারের উন্নয়ন দর্শনের গভীর সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করতে চাইলে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা অপরিহার্য। তিনি দেশবাসী, বিশেষ করে নবীন প্রজন্মকে দিবসটির চেতনা বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

তথ্যপ্রযুক্তিনির্ভর অর্থনীতিতে তরুণদের প্রধান শক্তি হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, অর্থনৈতিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হলে তরুণরা আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবে এবং দায়িত্বশীল পরিবার গঠনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...