মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, কঠোর হুঁশিয়ারি

প্রাইম বার্তা অনলাইন
১০ জুলাই ২০২৬ ৭:০১ পিএম
মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, কঠোর হুঁশিয়ারি

যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের আশপাশের এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রীদের চলাচলে বাধা এবং নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয় এতে। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের নেতৃত্বে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের লজিস্টিক সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক। এছাড়া অভিযানে সহায়তা প্রদান করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা ও এমআরটি পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশন এলাকায় শৃঙ্খলা ও যাত্রীসেবার মান ধরে রাখতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতে এই এলাকায় কেউ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে ডিএমটিসিএল। মেট্রোরেলের নিরাপত্তা ও শৃঙ্খলা ফের বজায় রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...