ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই: মোবাইল লুট, গ্রেফতার ৩

প্রাইম বার্তা অনলাইন
০৩ জুলাই ২০২৬ ১০:২৭ পিএম
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই: মোবাইল লুট, গ্রেফতার ৩

রাজধানীর ধানমন্ডি এলাকায় অস্ত্রের মুখে জিমকর্মীদের মোবাইল ছিনতাই ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন পেশাদার অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) সকালে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ ও ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৭ জুন শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ৭ নম্বর রোড এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় কলাবাগানের দুই বন্ধু জিম থেকে রিকশায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চারজন দুর্বৃত্ত তাদের রিকশার গতিরোধ করে এবং ধারালো চাপাতি দিয়ে গলা কেটে ফেলার হুমকি দেয়। এরপর তারা ওই দুই যুবকের কাছ থেকে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একটি স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় একজন বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে, যার বাম হাতের কবজি রক্তাক্ত হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শুক্রবার ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে পুলিশ মো. রিপন (৩৫), সাদ্দাম হোসেন ওরফে সিআইডি সাদ্দাম (৩০) এবং টিপু আহমেদ ওরফে ডিশ টিপু (৫২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে এমন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...