এআই ও প্রযুক্তির হুমকি মোকাবেলায় সময়োপযোগী আইন চান তথ্যমন্ত্রী
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল প্রযুক্তির অতিমাত্রায় ব্যবহারের যুগে বর্তমান আইনি কাঠামো আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, প্রযুক্তির এই উত্থান মানুষের জীবন সহজ করলেও নতুন ধরনের জটিলতা সৃষ্টি করছে, যার মোকাবিলায় দ্রুত আইনি সংস্কার অপরিহার্য। শনিবার (৩ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভা ও রজতজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজের রূপান্তরের সঙ্গে তাল মিলিয়ে আইনেরও পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, আইনি সংস্কারের গতি বর্তমানে অনেক ধীর। এআইয়ের মাধ্যমে তৈরি ভুয়া ছবি বা ভিডিওর সত্যতা যাচাই এবং এ সংক্রান্ত আইনি পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছে বর্তমান আইন। তিনি এই ফারাক দূর করতে আইনজীবী, বিচারক, গবেষক এবং আইন বিশেষজ্ঞদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এছাড়া গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের আয়না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নাগরিকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। বিশেষ করে আইন বিষয়ক সাংবাদিকদের ভূমিকা বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। এ সময় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্থায়িত্ব নিশ্চিত করতে সময়োপযোগী আইন প্রণয়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়।

