বিশ্বকাপ নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন, অস্ত্রসহ গ্রেফতার আরও ৪
রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল নিয়ে বিরোধের জের ধরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় আরও চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকুও উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এই ঘটনায় মোট আটক হলেন সাতজন।
ডিবি তেজগাঁও বিভাগের একটি দল অভিযান চালিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার সাহেবনগর এলাকা থেকে রিপন, নিরব, মজনু মিয়া ও মো. মিজানুর রহমানকে আটক করে। শুক্রবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আদাবর এলাকা থেকে হত্যার অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
ডিবি প্রধান জানান, গত ২৯ জুন বিশ্বকাপের ব্রাজিল-জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে ১ জুলাই রাতে নবোদয় হাউজিং এলাকায় একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপি নেতা আবুল বাশার ও সাদ্দাম হোসেন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে আবুল বাশার মারা যান। আটককৃত রিপন সরাসরি আবুল বাশারকে ছুরিকাঘাত করেছেন বলে স্বীকার করেছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে এঘটনায় শোয়েব, আরমান ও নয়ন নামে তিনজনকে আটক করেছিল আদাবর থানা পুলিশ।

